২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বৈশাখী উৎসবে মেয়ে-জামাই বরণ

পহেলা বৈশাখে জয়পুরহাটে ব্যতিক্রমী অনুষ্ঠান মেয়ে ও জামাই বরণের আয়োজন করা হয়েছে।

মোমেন মুনি

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2018, 11:14 PM

Updated : 19 Aug 2022, 01:54 PM

শনিবার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ এ আয়োজন করে।

এ উপলক্ষে সকালে মঙ্গল শোভাযাত্রার পর দশ হাজার গামছা দিয়ে দশ হাজার জামাইকে বরণ করেন মাত্রাই ইউপি চেয়ারম্যান ও জামাইদের প্রতিকী শ্বশুর আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক।

পরে দিনব্যাপী পুঁথি পাঠ, বাউল-জারি-সারি-মুর্শিদী ও স্থানীয় ধূয়া গান, বেদে-বেদেনীর সাপ খেলা, বদন খেলা, বউচি খেলা, লাঠি খেলা, নাগরদোলাসহ বিভিন্ন ধরনের গ্রামীণ ঐতিহ্য প্রদর্শিত হয়।

জামাই-মেয়ের জন্য প্রীতিভোজও আয়োজন করা হয়।

মাত্রাই ইউনিয়নের নিমন্ত্রিত ১০ হাজার মেয়ে ও জামাই ইউনিয়ন পরিষদ থেকে বৈশাখের নিমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত। তারা নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেন; ব্যক্ত করেন মনের অনুভূতি।

উৎসবে আসেন একই ইউপির গাড়ইল গ্রামের জামাতা ফরিদ আহম্মেদ, শালগুন গ্রামের জামাতা সুজাউল ইসলাম, শিশসমুদ্দুর গ্রামের জামাতা আব্দুস সালাম, একই গ্রামের জামাতা ফারুখ হোসেনসহ অনেকে।

এই ইউপির অনেক মেয়ে বিয়ের পর দীর্ঘদিন বাবার বাড়ি আসেননি। তাদের মধ্যে রয়েছেন মাত্রাই গ্রামের মৃত আবুল হোসেনের বিধবা মেয়ে আনোয়ারা পারভীন।

তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, “আব্বা মারা যাওয়ার পর কেউ খোঁজ খবর নেয়নি, প্রতীকী বাবা এই ইউপি চেয়ারম্যান গত বছর থেকে এই উৎসবকে কেন্দ্র করে যে আদর-যত্নসহ খোঁজ-খবর নিচ্ছেন তা ভোলার মতো নয়।”

বগুড়া সদরের আবু জাফর, সৌদি আরব প্রবাসী আব্দুল হাকিমসহ অনেক জামাই বলেন, নিজের শ্বশুর এভাবে দাওয়াত না দিতে পারেলেও মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান তাদের দাওয়াত কার্ড দিয়ে আমন্ত্রণ করেছেন।

আব্দুল হাকিম বলেন, “আমরা ১০ হাজার জামাই একত্রিত হতে পেরে আনন্দিত, মনে হচ্ছে আমরা অনেকগুলো ভায়রা ভাই একত্রিত হলাম।”

নাম প্রকাশে অনেচ্ছুক কয়েকজন জামাতা বলেন, বিয়ের পর অনেকেই শ্বশুর বাড়িতে তেমন আদর পাননি। আজ তাদের প্রতীকী শ্বশুর ইউপি চেয়ারম্যান যেভাবে তাদের আপ্যায়িত করছেন, তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

মাত্রাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানম আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাঙালি সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ বড় স্বার্থপর হচ্ছে। তাই মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করতে আর শেকড়ের টানে এই সামগ্রিক আয়োজন।

এমন আয়োজনের মাধ্যমে একদিকে পারিবারিক সম্পর্ক উন্নয়ন হয়, অন্যদিকে সামাজিকভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাও সম্ভব বলে তিনি মনে করেন।

উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট মাত্রাই মডেল কলেজের অধ্যক্ষ মাহবুব হাসান, মাত্রাই সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আখতার, জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের মুকুল, স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।