২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে যুবলীগের কমিটি গঠন নিয়ে তুলকালাম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় যুবলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতদের হামলায় অন্তত ৩৫ জন আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2018, 10:32 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের আমড়াখাইড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রোববার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ৩ ও ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়। এতে ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সুকলেস দাশকে সভাপতি ও মতলিব মিয়াকে সাধারণ সম্পাদক এবং ৫ নম্বর ওয়ার্ডে অশেষ চৌধুরীকে সভাপতি ও রন্টু দাশকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করেন নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।

কমিটিতে বাদ পড়ায় সংগঠনের অনেক নেতাকর্মী ক্ষুব্ধ হন।

নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আহত কয়েকজন বলেন, যুবলীগের কমিটি ঘোষণার জের ধরে পদবঞ্চিত নেতৃবৃন্দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ নিয়ে রোববার সন্ধ্যায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও পদ বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে তারা জানান।

এর জের ধরে সোমবার উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপের ফলে উভয় পক্ষের অন্তত ৩৫ জন লোক আহত হন।

এ সময় প্রায় ১৫টি বাড়িঘর ভাংচুর করা হয়েছে বলে আহতরা জানান।

নবীগঞ্জ থানার ওসি এসএম আতাউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

এ ব্যাপারে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশ বলেন, যুবলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।

নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, যুবলীগের বর্ধিত সভায় বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ওয়ার্ড কমিটি ঘোষণা না করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর চেয়ে বেশি কিছু তিনি জানেন না।

আহতদের মধ্যে রাখাল বৈষ্ণব (৫৫), নিখিল দাশ (৫৬), হলদর দাশ (৬০), খোকন মিয়া (১৮), সাইকুল ইসলাম (৩০), রঞ্জিত দাশ (৪৫), মুক্তিজিৎ দাশ (৪৫), নিউটন দাশসহ (২২) দশ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এছাড়া অতুল দাশ (৫৩), রিপন তালুকদার (৩৬), মিন্টু চৌধুরী (২৮), অধীর দাশ (৪৫), নিখিল দাশ (৪৫), মিলন হক (২৫), শায়েদ মিয়া (২২), তৌফিক মিয়া (২৫), দেলোয়ার মিয়া (২০), শাহিনুর মিয়া (২৫), এরমান মিয়া (৩৫), অর্জুন দাশ (৪০), দুলু দাশ (৪০), দেবলাল দাশ (৩০) ও ইন্দ্রজিৎ দাশকে (৪৫) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।