বগুড়ায় দুই দুর্ঘটনায় নারীসহ নিহত ৪
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুটি দুর্ঘটনায় নারীসহ চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন দুইজন।
রোববার বিকালে ঢাকা-বগুড়া মহাসড়কে বেতগাড়ী বটতলায় এবং সকালে বগুড়া-নাটোর মহাসড়কের বয়ড়াদিঘী এলাকায় এই দুটি দুর্ঘাটনা ঘটে।
নিহতরা হলেন কাহালু উপজেলার ভালসুন গ্রামের বাবুল প্রামানিকের স্ত্রী আছিয়া বেগম (৪০), সুজাবাদ তামিম কেয়ার ফিড কোম্পানির প্রকৌশলী সাইদুর রহমান (৩৮), নাটোরের সিংড়ার ছোট চৌগ্রামের মৃত মহিন্দ্র নাথ হালদারের ছেলে গণেশ চন্দ্র হালদার (৪৫) এবং বগুড়া সদরের শশীবদনি গ্রামের মৃত সালামত আলী সরকারের ছেলে রমজান আলী সরকার (৬৪)।
আহতরা হলেন নিহত আছিয়া বেগমের স্বামী বাবুল প্রামানিক ও নিহত রমজান আলী সরকারের ছেলৈ আইজুল।
শাজাহানপুর থানার এসআই রাম জীবন ভৌমিক জানান, বিকাল সোয়া ৪টার দিকে বেতগাড়ী বটতলায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুটি মোটরসাইকেল পরস্পরের সঙ্গে ধাক্কা লাগলে তিন আরোহী মহাসড়কে পড়ে যান।
“এ সময় শেরপুরগামী একটি বাসে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আছিয়া বেগম ও সাইদুর রহমানের (৩৮) মৃত্যু হয়। আহত হন আছিয়ার স্বামী বাবুল প্রামানিক।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের এসআই কাজল কুমার নন্দি জানান, সকাল পৌনে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের বয়ড়াদিঘী সিনজেন্টা ওষুধ কোম্পানির সামনে নাটোরগামী পাথর বোঝাইিএকটি ট্রাক ও বগুড়াগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই অটোরিকশা যাত্রী নিহত হন এবং চালক আহত হন।
আহত চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি আটক রয়েছে।
এ দুর্ঘটনায় নিহত রমজান আলী সরকার কাঁচা সবজি ব্যবসায়ী। ছেলের অটোরিকশায় করে সবজি নিয়ে তিনি নাটোরের সিংড়া গিয়ে বিক্রি করেন; ফেরার পথে দুর্ঘটনায় পড়েন বলে এসআই কাজল জানান।
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত তিনটি যানবাহন থানায় আনা হয়েছে।
