২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বাধীনতা পদক’ নীলফামারীবাসীকে উৎসর্গ করলেন নূর

সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর তার ‘স্বাধীনতা পদক’ নীলফামারীবাসীকে উৎসর্গ করেছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 09:37 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

রোববার নীলফামারী শহরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “নীলফামারীবাসীকে বাদ দিয়ে আমার কোনো অস্তিত্ব নাই। আমি নীলফামারীর সন্তান, এই জেলায় আমার জন্ম।

“নীলফামারীর মানুষ আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দেশের সর্বোচ্চ পদক স্বাধীনতা পদক আমার হাতে তুলে দিয়েছেন। তাই আমি আমার এই পদক নীলফামারীর মানুষের জন্য উৎসর্গ করলাম।”

সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালের ‘স্বাধীনতা পদক’ পাওয়ায় আসাদুজ্জামান নূরকে রোববার নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

নীলফামারীবাসীর আশীর্বাদ ও ভালোবাসা ছাড়া তিনি ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হতে পারতেন না বলে মনে করেন।

নীলফামারীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নাগরিক পরিষদের আহবায়ক মমতাজুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা সাধারণ সম্পাদক মুজিবুল হাসান চৌধুরী শাহিন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল আমিন স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জোনাব আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা কৃষক লীগ সভাপতি অক্ষয় কুমার রায়, সিপিবি সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, সম্মিলিত সংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল প্রমুখ।