২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা পদ্ধতি সংস্কার: রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহাসড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 08:20 PM

Updated : 19 Aug 2022, 01:52 PM

রোববার বিকালে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এ কারণে মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের দাবিগুলো হলো ৫৬ শতাংশ কোটা থেকে ১০ শতাংশে কমিয়ে আনা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ দেওয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধার একাধিকবার ব্যবহার নয়, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয় এবং চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম মুবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোটা সংস্কার এখন সময়ের দাবি হয়ে উঠেছে। এই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা মহাসড়ক অবরোধ করেছি। সংসদে কোটা সংস্কারের আলোচনা না ওঠা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।”

সংসদ চলাকালে মেনে দাবি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “যতক্ষণ মেনে নিবে না, আমরা এ অবরোধ ছাড়ব না।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তাদেরকে প্রস্তাব দিয়েছিলাম, তারা যেনো ক্যাম্পাসের ভিতরে এসে আন্দোলন করে। কিন্তু তারা বলেছে শান্তিপূর্ণ আন্দোলন করছে, কোনো সহিংসতা করবে না।”