জয়পুরহাটের ট্রাকচাপায় কলেজছাত্রী নিহত
জয়পুরহাটের কালাইয়ে ট্রাকচাপায় ভ্যান আরোহী এক কলেজছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।
শনিবার বিকালে সরাইল এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালাই থানার ওসি আব্দুল লতিফ খান জানান।
নিহত কেয়া আক্তার (১৮) কালাই মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও উপজেলার জগডুম্বর গ্রামের আব্দুল মোত্তালেবের মেয়ে।
আহতদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেয়া কলেজ শেষে ব্যাটারি চালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।
“পথে সরাইল এলাকায় বিপরীত থেকে আসা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই কেয়ার মৃত্যু হয়। এসময় আহত হয় ভ্যানের আরও তিন যাত্রী।”
