খুলনায় আগুনে পুড়েছে ১৪ আসবাবপত্রের দোকান
খুলনায় নগরীতে একটি আসবাবপত্রের মার্কেটে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে গেছে।
নগরীর টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুন হোসেন জানান, পশ্চিম রূপসা এলাকার খানজাহান আলী রোডে শুক্রবার সকাল ১০টায় লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে মামুন বলেন, “মার্কেটে আগুন লাগার পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টুটপাড়া ফায়ার স্টেশনের দুটি এবং বয়রা স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে; কিন্তু ততক্ষণে ১৪টি দোকান পুড়ে যায়।”
ফার্নিচার মার্কেটের ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এতে আমার দোকান, হানিফ, ইসমাইল, হারুন, রুবেল, শহিদুল, রফিকুলের দোকানসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।”
