এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নরসিংদীতে যুবক গ্রেপ্তার
চলমান এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র ও ইংরেজি প্রথম পত্র পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে নরসিংদীর শিবপুর উপজেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শাহেদ পারভেজ রিমন (২৩) শিবপুর উপজেলার জাঙ্গালিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
নরসিংদী ডিবি পুলিশের এসআই রুপম কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাড়ি থেকে পারভেজকে তারা গ্রেপ্তার করেন।
রুপম বলেন, “এইচএসসির বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র ও ইংরেজী প্রথম পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে পারভেজের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পর তাকে আটক করতে অভিযান চালায় পুলিশ। পরে তার মোবাইল ফোন ট্র্যাকিং করে তাকে গ্রেপ্তার করা হয়।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ তিনটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
