২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রের বিরুদ্ধে যৌন-হয়রানির অভিযোগে মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন-হয়রানির অভিযোগে এক ছাত্রকে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 03:53 PM

Updated : 19 Aug 2022, 01:51 PM

প্রক্টর সিকদার মো. জুলকারনাইন জানান, ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহেদ ইসলাম ওরফে আল-আমিন দোষ স্বীকার করায় তাকে পুলিশে দেওয়া হয়।

ভর্তি জালিয়াতির ঘটনায় আল-আমিনকে গত জানুয়ারিতেও পুলিশে দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, সে সময় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারও করা হয়।

তাকে আবারও সাময়িক বহিষ্কার করা হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক তিনি বাদী হয়ে বুধবার তার বিরুদ্ধে যৌন-হয়রানির অভিযোগে থানায় মামলা করেন।

আল-আমিন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

প্রক্টর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাত ১০টার দিকে আল-আমিনকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় মারধর করার খবর আসে।

“তাকে উদ্ধার করে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। আল-আমিন শ্লীলতাহানির চেষ্টার কথা স্বীকার করেছে। তার অপরাধ বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারের বাইরে হওয়ায় তাকে পুলিশে দিয়েছি।”

এ বিষয়ে আল-আমিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাননি।