২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, আরেকজন গুলিবিদ্ধ

কুমিল্লার একটি বাসায় এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তার এক বন্ধুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2018, 09:25 AM

Updated : 08 Apr 2022, 06:10 PM

প্রেম সংক্রান্ত ঘটনার জেরে হতাহতের এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।

কোতোয়ালি থানার ওসি আবু সালাম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লা শহরের মধ্যম রেসকোর্স এলাকায় ‘বিএইচ ভুঁইয়া হাউজ’ নামের বাড়িতে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত সাগর দত্ত চান্দিনার শংকর দত্তের ছেলে। আর সাগরের আহত বন্ধুর নাম সজীব।

সজীবকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি সালাম বলেন, “ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। সেখানে সাগরের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে সজীবকে। সেখানে অন্য কাউকে পাওয়া যায়নি।”

ওই ফ্ল্যাট থেকে পুলিশ একটি পিস্তল ও একটি ছুরি উদ্ধার করেছে বলে তিনি জানান।

তিনতালা এই বাড়িটির মালিক কিরণ্ময় ভৌমিক আর হিরণ্ময় ভৌমিক নামে দুই ভাই। তারা তিনতালায় থাকেন।

বাড়ির নিচতালার ফ্ল্যাটে তিন রুমে ছয় ছাত্র মেস করে থাকতেন বলে তারা জানান।

হিরণ্ময়ের স্ত্রী শেফালী ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে হাঁটতে বের হবার জন্য বাসা থেকে বের হয়ে নিচতালায় কোলাহল শুনতে পাই। আহত সজীবের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে বলে জানতে পারি।”

তারা গুলির শব্দ পাননি বলে জানান।

অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমসক্রান্ত ঘটনার জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”