গাজীপুরে অটোরিকশার গ্যারেজে কিশোর খুন
গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালী কলাবাগান এলাকায় এক কিশোর খুন হয়েছে। চুরিতে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহত মো. রাসেল (১৬) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পাঁচপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
গাজীপুরের জয়দেবপুর থানার এসআই জামাল মিয়া বলেন, রাসেল তিন বছর ধরে তার চাচা ইদ্রিস আলীর গ্যারেজে থেকে রাতে পাহারা দিত। আর দিনে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার বিল আদায় করত।
“রোববার রাতে তাকে শ্বাসরোধ করে ও লোহাজাতীয় কোনো বস্তু দিয়ে মাথা, মুখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যা করা হয়। অটোরিকশা চুরির চেষ্টা করলে দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।”
সকালে অটোরিকশাচালকরা এসে বিছানায় তার লাশ পড়ে থাকতে দেখে বলে জানান এসআই জামাল মিয়া।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
