২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মা-ছেলে খুনের ঘটনায় মামলা

সিলেট নগরীতে মা ও ছেলেকে খুনের ঘটনায় মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 01:03 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান, নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন বাদি হয়ে রোববার রাতে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি করেন।

মামলায় অজ্ঞাত পরিচয় ৪-৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।  

সিলেট নগরীর মিরাবাজার খাঁরপাড়ার মিতালী আবাসিক এলাকার তৃতীয় তলা ভবনের নিচ তলার একটি কক্ষ থেকে রোববার দুপুরে রোকেয়া বেগম (৪০) ও তার ১৬ বছর বয়সী ছেলে রবিউল ইসলাম রূপমের লাশ উদ্ধার করে পুলিশ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এম এ ওয়াহাব বলেন, রোকেয়া ও তার ছেলেকে হত্যার ঘটনায় কারো নাম উল্লেখ করে আসামি করা হয়নি। তবে কয়েকদিন আগে শিপলু, পাপলু, শিপন ও মারুফ নামে স্থানীয় চার যুবক রোকেয়ার বাসায় হামলা চালিয়ে তার মোবাইল ছিনিয়ে নেয় এবং তাকে মারধর করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর থেকে বাসার কাজের মেয়ে তানিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান। 

রোকেয়া নগরীর বারুতখানা এলাকার হেলাল আহমদের স্ত্রী। মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসার নিচতলায় দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।

ঘটনাস্থল থেকে রোকেয়ার পাঁচ বছর বয়সী মেয়ে রাইসা বেগমকে জীবিত উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

পুরনো খবর:

সিলেটে বাসা থেকে মা-ছেলের লাশ উদ্ধার