বগুড়ার যুবলীগ নেতা মোস্তাকিম ৫ দিনের রিমান্ডে
বগুড়ার পাসপোর্ট অফিসের কর্মকর্তার উপর হামলার ঘটনায় আটক যুবলীগ নেতা মোস্তাকিম রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শনিবার বিকালে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করে পুলিশ।
“বিচারক আবু রায়হান শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।”
গত বৃহস্পতিবার দুপুরে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) সাজাহান কবিকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই অপারেশন হয়।
তিনি এখন শঙ্কামুক্ত বলে সেখানকার ডাক্তাররা জানিয়েছেন।
এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হলেন শহর যুবলীগের দপ্তর সম্পাদক এবং বগুড়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাকিম রহমান।
