উত্তরের চার নদীর বুক জুড়ে ধানক্ষেত
এক সময় পাল তুলে নৌকা চলত যে নদীগুলোতে তার বুক জুড়ে এখন সবুজ ধানক্ষেত; কোথাও কোথাও চরছে গরু।
জয়পুরহাটের ছোট যমুনা, তুলসি গঙ্গা, শ্রীনদী ও হারাবতী এ চার নদীই এখন নাম সর্বস্ব, জলহীন এসব নদীর বুক দখল করে চলছে চাষাবাদ।
সরেজমিনে দেখা গেছে, বর্ষায় উজান থেকে নেমে আসা পলিতে নদী ভরাট হয়েছে অনেক আগেই। এখন নদী তীরবর্তী প্রভাবশালীরা দখলে নিয়ে সেখানে যে যার মত গড়ে তুলেছেন ফসলের মাঠ। চাষাবাদ হচ্ছে ধান, মিষ্টি আলুসহ নানা ফসল। কোথাও কোথাও গরু-ছাগল চরছে। মাঠ বানিয়ে খেলছে স্থানীয় শিশু-কিশোররা।
এই মরা নদীগুলোইই আবার দুঃখের কারণ হচ্ছে বর্ষায়। উজান থেকে নেমে আসা পানি ভাটিতে নামতে না পারায় সামান্য বৃষ্টিতে দুই কূল ছাপিয়ে জনপদে ঢুকে পড়ছে। সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ক্ষতি হচ্ছে ফসলের। পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে হাজার হাজার মানুষকে।
জেলা ত্রাণ ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বর্ষায় বন্যায় ফসল, কাঁচা-পাকা বাড়িঘর, রাস্তাঘাট নষ্ট হয়ে প্রতি বছর প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়। সেই হিসাবে গত ১২ বছরে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার ৪০০ কোটি টাকার মত।
নদীগুলোতে পানিপ্রবাহ সৃষ্টি করতে না পারলে আগামী ৩০ বছরের মধ্যে এ এলাকায় মরু পরিবেশ সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন পানি বিশেষজ্ঞরা।
ক্ষেতলাল উপজেলার তুলসিগঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাইকুল ইসলাম লেবু জানান, ভারতীয় সীমানার অভ্যন্তরে সৃষ্টি হয়ে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে জয়পুরহাটে প্রবেশ করেছে নদীগুলো। এক সময় সারা বছর পানিতে ভরা থাকত নদীগুলো। সড়ক পথের চেয়ে নদীপথ ব্যবহৃত হত।
তিনি বলেন, এখন বর্ষায় যে পানি আসে তা মানুষের দুর্ভোগের কারণ হয়। উজান থেকে নেমে আসা পানি ধারণ করতে পারায় ভরাট হওয়া নদীগুলোর দুকূল ছাপিয়ে সৃষ্টি হয় বন্যা আর জলাবদ্ধতা।
“আর শুষ্ক মৌসুমে নদীর বেশি ভাগ স্থানে বোরো ধানসহ বিভিন্ন ফসলের চাষ হয়। কোথাও কোথায় ঘাসে ভরে গিয়ে হয়ে উঠেছে সবুজ শ্যামল মাঠে।”
১৯৮২ সালে তুলসীগঙ্গা নদী খনন কাজ শুরু হলেও পরে অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। বাকি তিনটি নদী কোনোদিন খনন হয়নি বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে জয়পুরহাট পানি উন্নয়ন বিভাগের উপ সহকারী প্রকৌশলী আপেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই চারটি নদী খননের জন্য ১৩৪ কোটি ৪১ লাখ টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে।
একনেকে পাস হলে নদীগুলোকে আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলেও তিনি আশা করছেন।
