বাগেরহাটে পিকআপের ধাক্কায় বাইক-আরোহী নিহত
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল-আরোহীর মৃত্যু হয়েছে; এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, শুক্রবার বিকেলে উপজেলার হাসেম খাঁর হাট এলাকায় মোরেলগঞ্জ-সাইনবোর্ড সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা এলাকার শেখ নুরুল হকের ছেলে।
ওসি রাশেদুল বলেন, মোরেলগঞ্জ থেকে বাগেরহাটের দিকে চলমান একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। আর তার সঙ্গী কবির আহত হন।
আহত কবিরকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপটি পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
