বাগেরহাটে বাড়ির উঠানে মাছ ব্যবসায়ীর লাশ
বাগেরহাটের কচুয়ায় বাড়ির উঠান থেকে এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কচুয়া থানার এসআই মো.জহিরুল হক জানান।
নিহত মান্নান সিকদার (৫৫) এলাকার বিভিন্ন মাছের ঘেরে মাছ সরবরাহ করতেন বলে পুলিশ জানায়।
মান্নানের স্ত্রী পেয়ারা বেগম বলেন, “এক বছর আগে দুর্ঘটনায় বড় ছেলে সোহেল সিকদারের পা ভেঙ্গে যায়। তার চিকিৎসার জন্য আমার স্বামী প্রায় ৬/৭ লাখ টাকা দেনা করেন।পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় তাদের চাপে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।”
এ কারণে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছন বলে ধারণা পেয়ারার।
এসআই জহিরুল বলেন, পাওনাদারদের চাপে মান্নান আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে; প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
