ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরের লাশ গম ক্ষেতে
ঠাকুরগাঁও সদর উপজেলার নিখোঁজের দুইদিন পর গম ক্ষেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রহিমানপুর ইউনিয়নের ছিট রহিমানপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার এসআই গোলাম মর্তুজা জানান।
নিহত রাজু (১৫) সদর উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখোড় গ্রামের প্রয়াত মংলুর ছেলে। সে অটোরিকশা চালাত।
এ ঘটনায় পুলিশ তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।
এসআই গোলাম মর্তুজা জানান, সোমবার নিখোঁজ হয় অটোরিকশা চালক রাজু। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
“বুধবার বিকালে চিলারং ইউনিয়নের ইউপি সদস্য নাসিরুল ইসলাম নিখোঁজ রাজুর বন্ধু মিঠুন ও শামীমকে সন্দেহ করে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করে। পরে তাদের পুলিশে দেন।”
তিনি বলেন, তাদের দেওয়া তথ্যে ছিট রহিমানপুর গ্রামের একটি গম ক্ষেত থেকে রাজুর লাশ উদ্ধার করা হয়। তার গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
