২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মাহিদ হত্যা: গ্রেপ্তার ২, একজনের জবানবন্দি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহিদ আল সালাম হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2018, 07:55 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, সিলেট মহানগর পুলিশের একটি বিশেষ দল গত দুই দিন নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এরা হলেন মির্জা আতিক (২৫) ও তায়েফ আহমদ (২৮)।

ওসি জানান, বুধবার বিকালে তাদের আদালতে তাদের হাজির করলে মাহিদকে ছুরিকাঘাতের কথা স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মির্জা আতিক।

এছাড়া  তায়েফকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাইলে মহানগর হাকিম মামুনুর রহমান সিদ্দিকী তিন দিন মঞ্জুর করেন। 

মির্জা আতিকের স্বীকারোক্তিমতে পুলিশ হামলায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে বলেও জানান ওসি। 

রোববার রাতে ঢাকা যাওয়ার পথে সিলেট নগরীর কদমতলী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা যান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক (২০০৮-০৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী মাহিদ আল সালাম।

মাহিদ হত্যার দ্রুত বিচারের দাবিতে নগরীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পুরনো খবর:

ছুরিকাঘাতে শাবির সাবেক শিক্ষার্থী নিহত