ছুরিকাঘাতে শাবির সাবেক শিক্ষার্থী নিহত
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
নগরীর কীনব্রিজ এলাকায় রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান।
নিহত মাহিদ আল সালাম শহরের মদিনা মার্কেট এলাকার এম এ সালামের ছেলে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করেন তিনি।
ওসি খায়রুল বলেন, রাতে ছিনতাইকারীরা মাহিদকে ছুরি মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
প্রক্টর জহীর উদ্দিন আহমেদ জানান, ওসমানি মেডিকেল কর্তৃপক্ষের কাছে খবর পেয়ে তিনি হাসপাতালে আসেন। তবে মাহিদের পরিবারের কেউ বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেনি। হাসপাতালে তার লাশ দেখতেও পরিবারের কেউ আসেনি।
মাহিনের পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগের চেষ্টা করছে বলে জানান তিনি।
মাহিদের পরিবারের বরাতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী স্বপন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহিন তার পরিবারের সঙ্গে থাকতেন। ঢাকায় যাওয়ার জন্য রোববার রাতে তিনি বাসা থেকে বের হন।
ওসি খায়রুল ফজল বলেন, লাশ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে; নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
