২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে লোকজ উৎসব ৩০ মার্চ

কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে আগামী ৩০ মার্চ প্রথমবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'লোকজ উৎসব-২০১৮'।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 10:27 PM

Updated : 19 Aug 2022, 01:48 PM

উৎসবে কক্সবাজারের বিভিন্ন এলাকার লোকশিল্পীরা অংশগ্রহণ করবেন।

পাবলিক লাইব্রেরি ও ইন্সটিটিউটের শহীদ দৌলত ময়দানে এ উৎসবের আয়োজন করেছে 'কক্সবাজার লোকজ উৎসব উদযাপন পরিষদ'।

মঙ্গলবার বিকালে কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উৎসব উদযাপন পরিষদ এ তথ্য দেয়।

লিখিত বক্তব্যে উৎসব উদযাপন পরিষদের সমন্বয়ক রিদুয়ান আলী বলেন, এ আয়োজনে অংশগ্রহণ করবেন ছড়িয়ে-ছিটিয়ে থাকা ' কক্সবাজারের প্রান্তিক শিল্পীরা'। এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পীরাও উৎসবে অংশগ্রহণ করবেন।

তিনি বলেন, উৎসবে পরিবেশিত হবে কক্সবাজারের স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে ‘অঁলা’, ‘পুঁথি’, ‘আইল্ল্যাগীত’ ও ‘বান্ডা’সহ নানা আঞ্চলিক গান।

এছাড়া চট্টগ্রামের আঞ্চলিক নৃত্যসহ স্থানীয় রাখাইন নৃ-গোষ্ঠীর নৃত্য পরিবেশনাও থাকবে।

সমন্বয়ক রিদুয়ান বলেন, আকাশ সংস্কৃতির আগ্রাসন আর প্রলোভনের যুগে দেশি ও স্থানীয় সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সমুন্নত রাখতেই 'লোকজ উৎসবের' এ প্রয়াস।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব আয়োজক কমিটির সমন্বয়ক তৌফিকুল ইসলাম লিপু, মো. সাকিব, মনির মোবারক, সৌরভ দেব প্রমুখ।