গাজীপুরে নির্বাচনী প্রচারে হামলায় প্রার্থীসহ আহত ৬
গাজীপুরে ভাওয়াল গড় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারের সময় প্রতিপক্ষের হামলায় এক ওয়ার্ড সদস্য প্রার্থী ও তার স্ত্রীসহ ছয়জন আহত হয়েছেন।
সদর উপজেলার শিরিরচালায় সোমবার রাতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন ওয়ার্ড সদস্য পদপ্রার্থী ইসমাইল হোসেন, তার স্ত্রী সেলিনা, কর্মী রাকিব আল ফয়সাল, সাকিব আহমেদ সেতু, জালাল উদ্দিন ও মিনহাজ।
এদের মধ্যে সেলিনা ও মিনহাজকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ভাওয়াল গড় ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য পদপ্রার্থী ইসমাইল হোসেন বলেন, আগামী ২৯ মার্চ বৃহস্পতিবার সদর উপজেলার তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি তার স্ত্রী ও লোকজনসহ নির্বাচনী এলাকায় সোমবার রাতে নির্বাচনী প্রচারে বের হন।
“শিরিরচালা এলাকায় প্রচারের সময় এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন অতর্কিতে হামলা চালায়। এ সময় আমার স্ত্রী সেলিনা ও কর্মী মিনহাজসহ পাঁচজন আহত হন।”
নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আসলাম বলেন, সোমবার মধ্যরাতে তাকে বিষয়টি ফোনে অবগত করা হয়। মঙ্গলবার বিকালে লিখিত অভিযোগ দেয়া হয়।
জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
