রাজশাহীতে ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার
রাজশাহী নগরীতে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
জেলার সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান জানান, নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে রোববার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম (৩৬) বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
শহিদুল জেএমবির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা হত্যা চেষ্টাসহ বাগমারা, পুঠিয়া ও চারঘাট থানায় জঙ্গি কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বলেন, শহিদুল দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
