শাবিতে ছাত্রলীগ নেতার ছুরিতে আরেক নেতা আহত
হলের রুম দখলকে কেন্দ্র করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতার ছুরিকাঘাত করেছেন আরেক নেতা।
রোববার দুপুর আড়াইটার দিকে শাহপরাণ হলে এ ঘটনা ঘটে বলে জানান প্রক্টর জহীর উদ্দীন আহমেদ।
আহত জাহিদ হাসান নাঈম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রক্টর বলেন, জাহিদের পেটে ও বুকে ছুরির আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, হলের রুম দখলকে কেন্দ্র করে নাঈমকে ছুরি দিয়ে আঘাত করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ রাসেল। তারা দুজনেই ইমরান খানের অনুসারী বলে পরিচিত।
এ বিষয়ে আব্দুর রশিদ রাসেল বলেন, “হলের ৩২৫ নম্বর কক্ষের দখল নিতে ১০-১৫ জন কর্মী নিয়ে আসে জাহিদ। এসময় বাকবিতণ্ডা হলে ছুরি বের করে জাহিদ আমাকে মারতে এগিয়ে আসে।
“তখন আমি তাকে ফেরানোর চেষ্টা করলে নিজের ছুরিতে আহত হয় জাহিদ।”
এ বিষয়ে সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, “এটা তাদের নিজেদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হয়েছে। আমরা তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব।”
এরআগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ আকন্দ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সবুজের অনুসারীদের সঙ্গে সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেকের অনুসারীর সংঘর্ষ হলে এস এম আব্দুল্লাহ রনি নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় পরদিন সাইদ-সবুজসহ ১২ নেতাকর্মীকে বহিষ্কার করে ছাত্রলীগ।
