২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফয়সালের বাড়িতে শোকের মাতম

নেপালের কাঠমাণ্ডুতে বাংলাদেশের বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রী ফয়সাল আহমেদের শরীয়তপুরের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। 

কে এম রায়হান কবীর

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2018, 12:22 PM

Updated : 11 Oct 2022, 12:11 PM

ফয়সাল শরীয়তপুরের ডামুড্যা উপজেলার উত্তর বড় সিধলকুড়া গ্রামের সামসুদ্দিন সরদারের ছেলে। তিনি বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। 

অফিস থেকে পাঁচদিনের ছুটি নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সে সোমবার নেপাল যাচ্ছিলেন তিনি। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের ওই উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। 

পরদিন ফয়সালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ডামুড্যা বাজারের দক্ষিণ ডামুড্যা সরদার গার্ডেনে ফয়সালদের বাসায় গিয়ে দেখা গেছে আত্মীয় স্বজন ও প্রতিবেশিদের ভিড়। ফয়সালের লাশের বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন সবাই। ফয়সালের মা সামসুন্নাহার বেগমের আহাজারিতে কেউ চোখের পানি ধরে রাখতে পারছেন না।

ফয়সালের বাবা বলেন, তিন ভাই ও দুই বোনের মধ্যে ফয়সাল দ্বিতীয়।একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষে ৫/৬ বছর আগে সাংবাদিকতা পেশায় যোগ দেয় সে। গত ঈদুল ফিতরের সবশেষ ফয়সালের সঙ্গে তাদের শেষ দেখা হয়।

ফয়সালের মামা সাবেক ছাত্রলীগ নেতা বাহাদুর ব্যাপারী বলেন, “ফয়সালের দেশের বাইরে যাওয়ার কথা তার বোন শিউলি ছাড়া বাড়ির অন্য কেউ জানত না। সোমবার একটি বিমান দুর্ঘটনার খবর শুনে শিউলি আমাদের বলে যে ফয়সাল পাঁচদিনের ছুটিতে ঢাকার বাইরে গেছে। এরপর খোঁজ খবর নিয়ে জানতে পারি ওই বিমানে ফয়সাল ছিল।”

ফয়সালের মা সামসুন্নাহার বেগম বলেন, “গত ৯ ফেব্রুয়ারি ফয়সাল আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল- মা কেমন আছেন? আমি বললাম তুমি কই?। বলে মা আমি খালেদা জিয়ার নিউজ করতে কোর্টে এসেছি। বললাম বাবা তুমি বাসায় চলে যাও। বলল, চিন্তা করবেন না। এটাই আমার ছেলের সঙ্গে শেষ কথা।”

ডামুড্যা থানার ওসি নজরুল ইসলাম বলেন, “এ ঘটনাটি শুনেছি। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ফয়সাল মারা গেছেন।”