২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে; আহত হয়েছে একজন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2018, 07:18 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

ওসমানপুর এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান।

এরা হলো বালাহারের নুরুজ্জামানের ছেলে হাফিজুর (১২), বামনডাঙ্গার শামসুল ইসলামের ছেলে ইমরান (১৩) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে খাদেমুল ইসলাম (১২)।

আহত মিলনকে (১১) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এরা ঘোড়াঘাটের বলাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

ওসি আমিরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টার দিকে উপজেলা পরিষদে বিজ্ঞান মেলা দেখে একটি মোটরসাইকেলে চার কিশোর বামনডাঙ্গার দিকে যাচ্ছিল।

“ঘোড়াঘাট-ওসমানপুর সড়কে সুরা মসজিদের কাছে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়।”

ওসি জানান, ঘটনাস্থলেই হাফিজুর মারা যায়। আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে ইমরান ও খাদেমুলের মৃত্যু হয়।