নিখোঁজ স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ বন্দরে নিখোঁজের ছয়দিন পর ময়লার স্তুপ থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার বাগবাড়ি এলাকায় ময়লার স্তুপ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান।
এলাকাবাসী জানায়, উপজেলার বাগবাড়ি এলাকায় ময়লার স্তুপে ভাঙা প্লাস্টিক সামগ্রী কুড়ানোর সময় বস্তার ভেতর লাশ দেখতে পায় টোকাইরা। বিষয়টি তারা এলাকার লোকজনকে জানালে পুলিশে খবর দেওয়া হয়। পরে এলেমের বাবা গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।
এলেমের বাবা আব্দুর রাজ্জাক বলেন, মঙ্গলবার বিকালে তার স্ত্রীর প্রথম পক্ষের মেয়ে জামাতা বিল্লাল হোসেন বাড়ি থেকে এলেমকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি।
“ছেলেকে না পেয়ে বিল্লালের বিরুদ্ধে অপহরণ মামলা করি। দুই দিন পরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।”
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর বলেন, বিল্লালকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। অপহরণের দিনই শিশুটিকে হত্যা করা হয়েছে।
“বিল্লাল মাদকাসক্ত, কোনো কাজ-কর্ম করে না। প্রায়ই শ্বশুর আব্দুর রাজ্জাকের কাছে টাকা পয়সা চাইত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা দিতে অস্বীকার করায় ক্ষুব্ধ হয়ে অপহরণের দিনই শিশুটি হত্যা করেছে।”
