গাজীপুরে ইটভাটা মালিকের লাশ উদ্ধার
গাজীপুরে নিখোঁজের একদিন পর ইটভাটা মালিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে; যিনি পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ডের শিকার বলে ধারণা করছে পুলিশ।
নগরীর কাশিমপুরের বাঘিয়া এলাকার একটি গর্তে রোববার সকালে লাশটি পাওয়া যায় বলে কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মোবারক হোসেন জানান।
নিহত সাইদুর রহমানের (৫৭) বাড়ি ওই এলাকায়। তিনি স্থানীয় মা ব্রিক্স নামের একটি ইট ভাটার এক অংশের মালিক।
ইন্সপেক্টর মোবারক বলেন, শনিবার সকালে বাসা থেকে বের হন সাইদুর। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে বাঘিয়া মাঠের কাছে একটি গর্তে তার লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে।
“নিহতের হাত-পা বাঁধা ছিল এবং কপালে ডান দিকে আঘাতের চিহ্ন রয়েছে।”
পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ ওই গর্তে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন বলে মোবারক জানান।
লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
