রাস্তার পাশের গাছে বাসের ধাক্কা, নিহত ১
কক্সবাজারের চকরিয়ায় একটি বাস রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দিলে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
শনিবার ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশ চকরিয়া ফাঁড়ির এসআই মো. নাছির আহমেদ।
নিহত মো. আবু তাহের (৩৮) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তিথুয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।
এসআই নাছির বলেন, ভোর সাড়ে ৫টার দিকে চকরিয়া কলেজ এলাকায় কক্সবাজারমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়।
"এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও বাসটির সুপারভাইজার মো. আবু তাহের বুকে গুরুতর আঘাত পান। খবর পেয়ে পুলিশ পৌঁছে তাহেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আবু তাহেরকে সকাল ১০টার দিকে হাসপাতালে আনা হয়। এখানে আনার পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
