আধিপত্যের দ্বন্দ্বে বোমা হামলা, নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ সদরে আধিপত্য বিস্তারের বিরোধে দুপক্ষের পাল্টাপাল্টি বোমাবাজির মধ্যে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।
উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গায় আলম ও বাবু মাস্টার গ্রুপের মধ্যে এ সংগর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত আইয়ুব আলী বাগডাঙ্গার নৈমুদ্দীনের ছেলে। তিনি বাবু মাস্টার গ্রুপের সমর্থক।
আহতদের একজন হলেন এলাকার মোজাম্মেলের ছেলে আরিফ। আরেকজনের পরিচয় জানা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মনজুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই স্থানীয় আলম ও বাবু মাস্টার গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছিল।
“এর জের ধরে শনিবার সকাল ৬টার দিকে আইয়ুব আলীসহ কয়েকজন স্থানীয় মাদ্রাসা হাটে চায়ের স্টলে গেলে তাদের লক্ষ্য করে বোমা হামলা করে প্রতিপক্ষের লোকজন।”
তিনি জানান, গুরুতর আহত আইয়ুব আলীকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলম ও বাবু মাস্টার গ্রুপের মধ্যে এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান ওসি।
