২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে জমেছে ঘোড়ার মেলা

বিজলি, কিরণমালা, রানি, সুইটি—আরও নানা বাহারি নামের ঘোড়ার মেলা জমে উঠেছে জয়পুরহাটের গোপীনাথপুরে।

জয়পুরহাট প্রতিনিধি

মেমেন মুনির্চ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 09:50 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

প্রতিবছর দোলপূর্ণিমা উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে বসে মাসব্যাপী এই মেলা। তবে পশুর মেলা হয় ১০ দিন।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেলা কমিটির সদস্য আবু সাইদ জোয়ার্দার বলেন, গরু, মোষ, ভেড়া, ছাগল প্রভৃতি সব পশুপাখি কেনাবেচা হলেও ঘোড়ার মেলা হিসেবে বিশেষ প্রসিদ্ধ। মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার ঘোড়া এসেছে।

প্রধানত ঘৌড়দৌড় প্রতিযোগিতার জন্য এই ঘোড়াগুলোর কদর। ক্ষিপ্রতা আর বুদ্ধিমত্তা, দুলকি চলন প্রভৃতির ওপর এদের কদর ও মূল্য দাঁড়ায়।

দরদাম ঠিকঠাক হলে খেলার মাঠে ঘোড়া নিয়ে ক্রেতাকে দেখানো হয় তার ক্ষমতা ও বুদ্ধিমত্তা।

রাজশাহীর তানোর থেকে আসা সাইফুল ইসলাম বলেন, এ বছর তিনি একটি ঘোড়া দেড় লাখ টাকায় বিক্রি করেছেন।

নওগাঁর ধামইরহাট উপজেলার চকমরিয়ম গ্রামের আব্দুল খালেক ২৫ বছর ধরে মেলায় ঘোড়া নিয়ে আসেন বলে জানালেন।

তিনি বলেন, এ বছর এনেছিলেন তিনটি। প্রায় ছয় লাখ টাকায় বিক্রি করেছেন।

মেলা চলবে মার্চজুড়ে। তবে ঘোড়ার মেলা ১০ মার্চ পর্যন্ত।

পুলিশের পাশাপাশি মেলা কমিটি সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে আয়োজকরা জানিয়েছেন।

আক্কেলপুর থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেলা উপলক্ষে বিপুল মানুষের সমাগম হয়েছে। তাদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আনসার মোতায়েন করা হয়েছে।