রাবিতে উন্নয়নবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বৃহস্পতিবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ব্যবসায় টেকসই উন্নয়ন’ শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক লাউঞ্জে মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম এ তথ্য জানান।
এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
শাহ আজম বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় সম্মেলন উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান।
“প্রবন্ধ উপস্থাপক ও মূল্যায়নকারী হিসেবে আট দেশের দেড় শতাধিক গবেষক সম্মেলনে অংশ নেবেন। উদ্বোধনী পর্বে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে। এছাড়া ২০টি টেকনিক্যাল সেশনে মোট ৫৬টি গবেষণা নিবন্ধ ও পোস্টার পেপার সেশনে ১১টি গবেষণা নিবন্ধ উপস্থাপিত হবে।”
প্রথম দিন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলি সাদিক সভাপতিত্ব করবেন জানিয়ে তিনি বলেন, এই দিন বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান মজিব উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান সমাপনী পর্বে প্রধান অতিথি থাকবেন বলে জানান শাহ আজম।
