প্রতিবাদে মোমবাতি সাজিয়ে জাফর ইকবালের মুখ
জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় মোমবাতি সাজিয়ে তার মুখের আদল ফুটিয়ে প্রতিবাদ জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের সামনে সোমবার রাত সাড়ে ৮টার দিকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এই আয়োজন করেন।
পরে তারা বিক্ষোভ মিছিল বের করেন।
সিএসই বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “ইসলামের শত্রু হিসেবে স্যারের ওপর হামলা করা হলো। তবে ধর্মকে স্যার কখনও অবমাননা করেননি। স্যারের বিভিন্ন মহল অপপ্রচার চালানোর ফলে এমন ঘটনা ঘটেছে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি স্যারের দ্রুত সুস্থতা কামনা করছি।”
শনিবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে জাফর ইকবালের ওপর হামলা হয়। হামলাকারী তরুণকে ধরে ফেলেন উপস্থিত শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা।
মোমবাতি জ্বালানোর পর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বলেন, “অন্ধকারে নিমজ্জিত মৌলবাদীরা জাফর ইকবাল স্যারের মতো জ্ঞানতাপস ব্যক্তির ওপর হামলা করেছে।
“তাই আমরা এর প্রতিবাদে আলো দিয়ে স্যারের প্রতিকৃতি নির্মাণ করেছি। আমরা এ হামলার প্রতিবাদ জানাই।”
সোমবার বিশ্ববিদ্যালয়ে অন্যান্য প্রতিবাদ কর্মসূচির মধ্যে ছিল মৌন মিছিল, নাট্য সংগঠন দিক থিয়েটারের প্রতিবাদী পথনাটক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের মশাল মিছিল ও শিক্ষক সমিতির কর্মবিরিতি।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শিক্ষক সমিতির ডাকে সব বিভাগের শিক্ষকদের নিয়ে মৌন মিছিল করা হবে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ।
