জাফর ইকবালের ওপর হামলা: ফয়জুলের বাবা-মাও আটক
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার পর ঘটনাস্থল থেকে আটক মাদ্রাসা ছাত্র ফয়জুল হাসান ওরফে শফিকুরের চাচা ও মামার পর এবার বাবা- মাকেও আটক করেছে পুলিশ।
রোববার রাত ১১টার দিকে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে তাদের ধরা হয় বলে জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন।
এরা হলেন ফয়জুলের বাবা আতিকুর রহমান ও মা মিনারা বেগম।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে শনিবার বিকালে একটি অনুষ্ঠান চলাকালে এক তরুণ ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায়।
ঘটনার সময় উপস্থিত লোকজন ফয়জুলকে ধরে পিটুনি দিয়ে র্যাবের হাতে তুলে দেয়। শনিবার রাতেই ফয়জুল ও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জাফর ইকবালের নিরাপত্তায় থাকা দুই পুলিশ সদস্যকে দায়িত্বে অবহেলার দায়ে রোববার প্রত্যাহার করা হয়েছে।
এর আগে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফয়জুলের চাচা আব্দুল কাহের এবং মামা সুনামগঞ্জ জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানকে পুলিশ ও র্যাব আটক করেছে।
