গাইবান্ধায় চার পুলিশ হত্যার বিচার শুরু
গাইবান্ধায় চার পুলিশ হত্যা মামলায় অভিযোগ গঠন করে জামায়াত-শিবিরের ২৩১ নেতাকর্মীর বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
রোববার গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আলী আহম্মেদ অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বলে পিপি মো. শফিকুল ইসলাম শফিক জানান।
তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ২৩১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এসময় আদালতে ২২৫ আসামি উপস্থিত ছিলেন।
এছাড়া এখন পর্যন্ত ছয় আসামি পলাতক রয়েছে বলে জানান পিপি।
অভিযোগ গঠন করে আগামী বিচারক আগামী ৪ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন বলে জানান তিনি।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দলের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র ও রেলওয়ে স্টেশনে হামলা করে চার পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে জামায়াত-শিবির কর্মীরা। এছাড়া তারা সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়ে সড়ক অবরোধ, ঘরবাড়িসহ বিভিন্ন অবকাঠামো ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
এঘটনায় সুন্দরগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক আবু হানিফ বাদী হয়ে জামায়াতের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ ওরফে ঘোড়ামারা আজিজসহ ৯৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও আড়াই হাজার আসামি করে মামলা করেন।
তদন্ত শেষে আব্দুল আজিজসহ ২৩১ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
