জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ জাবিতে
অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
রোববার সকালে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ পৃথক কর্মসূচি পালন করে।
শিক্ষক সমিতির আয়োজনে ক্যাম্পাসের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন হয়।
প্রায় দুই শতাধিক জমায়েতের এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জাবি সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন ছাত্র সংগঠন সংহতি জানায়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম বলেন, “এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এই হত্যা চেষ্টা এবং বিভিন্ন হত্যাগুলোর যদি বিচার না হয় তাহলে আমরা আমাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলব। তাই আমি রাষ্ট্রের কাছে দাবি জানাই এ ঘটনা তদন্ত করে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ বলেন, “এই হামলার পেছনের শক্তিদের সমুচিত জবাব দিতে হবে।”
উপ-উপাচর্য আমির হোসেন বলেন, “এ হামলা পরিকল্পিত। একাত্তরে যেভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, সেই ধারাবাহিকতায় এখনও এসব হামলা চালানো হচ্ছে। শুধু আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে এটা বন্ধ হবে না, এর জন্য একটা সামাজিক প্রতিরোধের প্রয়োজন।”
এ সময় বক্তারা অধ্যাপক জাফর ইকবালের চিকিৎসায় হস্তক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার জুলকার নাইনের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মনজুরুল হক, কলা ও মানবিকী অনুষদের ডিন মোজাম্মেল হক, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, একই বিভাগের অধ্যাপক শামছুল আলম সেলিম, শিক্ষক সমিতির সভাপতি নুরুল আলম প্রমুখ।
জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।
বেলা ১২টায় অর্ধ-শতাধিক শিক্ষক-শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে সংহতি সমাবেশ করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদ, জাবি শাখা ছাত্রফ্রন্ট, জাবি সাংস্কৃতিক জোট, জাহাঙ্গীরনগর থিয়েটার, ধ্বনি, আনন্দনসহ কয়েকটি সংগঠন মানববন্ধনে সংহতি জানায়।
সমাবেশে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “জাতীয় নির্বাচনের বছর হওয়ায় আমার ধারণা নির্বাচনী খেলার কারণে এ ধরনের আরো হামলার ঘটনা হতে পারে।”
প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী কাব্য কৃত্তিকার সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন- সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ, নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা ও অধ্যাপক সাঈদ ফেরদৌস, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলিসহ অন্যন্যরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে শনিবার বিকালে এক তরুণ ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায়।
হামলার পরপরই ফয়জুল নামে একজনকে ধরে ফেলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ঘটনায় ফয়জুলের মামা ও চাচাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
