ভোলার চাঁদাবাজ আটক, জরিমানা আদায়
ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার এক চাঁদাবাজকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার রাতে জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
দণ্ডিত আবু সাইদ তুহিন (৩৫) মেঘনা ও তেঁতুলিয়া এলাকার চিহ্নিত চাঁদাবাজ বলে কোস্ট গার্ড জানিয়েছে। তিনি ভোলা সদরের মধ্য ভেদুরিয়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, কোস্ট গার্ডের সোর্স পরিচয় দিয়ে ভোলা সদরের ভেদুরিয়া লঞ্চঘাট এবং মেঘনা ও তেঁতুলিয়া নদী এলাকার মাঝি ও জেলেদের কাছ থেকে কিছুদিন ধরে চাঁদা আদায় করছিল তুহিন।
“স্থানীয় মাঝি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে আটক করা হয়।”
হামিদুল বলেন, আটক সাইদকে ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করলে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করে।
