২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার তজুমদ্দিনে অপহৃত ১০ জন উদ্ধার

ভোলার তজুমদ্দিনে অপহরণের একদিন পর ১০ জনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 09:07 AM

Updated : 08 Apr 2022, 06:00 PM

শুক্রবার সন্ধ্যায় উপজেলার চর লাদেন থেকে তাদের উদ্ধার করা হয়।

এরা হলেন- জাফর মাঝি, নিরব,শাহাবুদ্দিন, নুরুল হক, শরীফ, দুলাল, নাজু মাঝী, হোসেন, আনোয়ার ও ফরিদ।

স্থানীয়দের বরাত দিয়ে তজুমদ্দিন থানার ওসি মো. ফারুক হোসেন জানান, উপজেলার চাঁদপুর ইউনিয়নের মেঘনা উপকূলের চর মোজাম্মেল দখলকে কেন্দ্র করে হেলাল ও অজিউল্ল্যাহ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

“এর জের ধরে হেলাল গ্রুপ বৃহস্পতিবার চরের ১০ বাসিন্দাকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ অভিযান চালিয়ে চর লাদেন এলাকা থেকে তাদের উদ্ধার করে।”

এ ঘটনায় সন্দেহজনক সাত অপহরণকারীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

এ ঘটনায় শনিবার উপজেলা আওয়ামী লীগ সভাপতি স্থানীয় চাঁদপুর ইউপি চেয়ারম্যান  ফকরুল আলম জাহাঙ্গীর বাদী হয়ে  ৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২৭ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।

আসামিদের আটক করার চেষ্টা চলছে বলে জানান ওসি।