শান্তিরক্ষী আক্তারের স্বজনদের কান্না থামছে না
মাইন বিস্ফোরণে মালিতে নিহত শান্তিরক্ষী আক্তার হোসেনের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মাগুরার শ্রীপুরের বরালিদহ গ্রামের পরিবেশ।
বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোর্যাল আক্তার হোসেন রেখে গেছেন বৃদ্ধা মা, স্ত্রী ও দুই মেয়ে।
গত ২৭ ফেব্রুয়ারি পশ্চিম আফ্রিকার দেশ মালির মোপ্তি এলাকার বনি ও দোয়েন্তজা শহরের সংযোগ সড়কে স্থানীয় সময় বেলা আড়াইটায় মাইন বিস্ফোরণে অপর তিন বাংলাদেশি শান্তিরক্ষীর সঙ্গে নিহত হন আক্তার।
পরিবারের সদস্যরা জানান, আক্তার হোসেনের দুই মেয়ের মধ্যে বড় রিমি আক্তার এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ছোট মেয়ের বয়স ছয় বছর।
তাদের বাড়ি গিয়ে দেখা যায়, মা হাসিনা বেগম, স্ত্রী রেণু বেগম আর বড় মেয়ে রিমির কান্না যেন থামছেই না। স্বজনরা শান্তনা দিতে গিয়ে নিজেরাই আবেগাপ্লুত হয়ে পড়ছেন।
কান্না জড়িত কণ্ঠে রিমি বলছিল, “আমি চেয়েছি উচ্চশিক্ষা নিয়ে পরিবারের হাল ধরব। কিন্তু আমার বাবার মৃত্যু আমার সে স্বপ্ন কেড়ে নিল। বাবা নেই, এই দরিদ্র পরিবারের কেউই তো এখন আমার লেখাপড়ার ব্যয় বহন করতে পারবে না। আমার লেখাপড়া তো অনিশ্চিত হয়ে পড়ল।
বিহ্বলভাবে রিমি বলেন, “বাবা সব সময় আমাদের দুই বোনকে উচ্চশিক্ষা করানোর স্বপ্ন দেখতেন। বাবা তো নেই; তাহলে আমাদের কী হবে এখন?”
স্ত্রী রেণু বেগম
তিনি বলেন, “এই একজনের অকাল মৃত্যু আমাদের সমস্ত আশা ভরসাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে।”
রেণু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বামীর সঙ্গে মোবাইল ফোনে তার সর্বশেষ কথা হয়েছে আগের দিন ২৬ ফেব্রুয়ারি।
উঠানের একপাশে বসে অবিরল কাঁদছিলেন আক্তারের মা হাসিনা বেগম।
মা হাসিনা বেগম।
স্থানীয়রা জানান, প্রায় ২১ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন আক্তার। দশ মাস আগে তিনি শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে মালি গিয়েছেন। আর দুমাস পর তার দেশ ফেরার কথা ছিল।
বৃহস্পতিবার সকালে ফোন করে সেনাবাহিনীর একজন কর্মকর্তা স্ত্রীর কাছে আক্তারের মৃত্যু সংবাদ পৌঁছান।
