সোনারগাঁয়ে দোকানিকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমির বিরোধের জেরে এক ডেকোরেটর দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
উপজেলার উত্তর ষোলপাড়া এলাকায় বৃহস্পতিবার বিকালে হতাহতের এ ঘটনা ঘটে বলে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম জানান।
নিহত খোরশেদ আলম (৩৮) ওই এলাকার ফজল আলীর ছেলে। সোনারগাঁ বাজারে তার ডেকোরেটরের দোকান রয়েছে।
আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি মোরশে বলেন, খোরশেদের সঙ্গে একই এলাকার সুলতান মিয়ার দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জেরে বৃহস্পতিবার দুপুরে খোরশেদকে একা পেয়ে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ।
“খোরশেদকে বাঁচাতে তার চাচা নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, ভাতিজা সোহাগ ও সজীব এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খোরশেদকে মৃত ঘোষণা করেন।”
নিহতের চাচাত ভাই সোহাগ অভিযোগ করেন, সুলতান মিয়া জাল দলিল করে তাদের জমিজমা ও বাড়িঘর দখলে নেওয়ার চেষ্টা করে আসছেন। তারা একটি জমিতে খুঁটি পুঁতে জোরপূর্বক দখলও করেছেন।
“খোরশেদকে তারা চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে। চিৎকার শুনে এগিয়ে গেলে আমাদেরও কুপিয়ে আহত করে তারা।”
