নড়িয়ায় পদ্মায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে নদীতে নেমে নিখোঁজ হওয়ার তিনঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা ছেলেটির লাশ উদ্ধার করেন।
মৃত গোবিন্দ দাস (১১) নড়িয়া উপজেলার কেদারপুর গ্রামের অনিল দাসের ছেলে। সে নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্র ছিল।
কেদারপুর ইউনিয়ন পরিষদ সদস্য রফিক কাজি জানান, বেলা ৩টার দিকে বাবার সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় ছেলেটি। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সুরেশ্বর নৌপুলিশের উপ-পরিদর্শক মো. মাসুম বলেন, শিশুটি ডুবে যওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়ভাবে লোকজন দিয়ে খোঁজাখুজি করে সন্ধান মেলেনি। বিকালে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি এসে উদ্ধার কাজ শুরু করে। একঘণ্টার চেষ্টায় তারা লাশ উদ্ধার করে।
এ সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত লোক ও তার সহপাঠীরা নদীর পাড়ে এসে ভিড় জমায়। মা-বাবাসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
