২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর থেকে ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে সাগর থেকে ইয়াবা ও ধারালো অস্ত্রসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 05:34 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

বুধবার দুপুরে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকার দক্ষিণ-পূর্বে বাংলাদেশ জলসীমা থেকে তাদের আটক করা হয়েছে বলে কোস্টগার্ড পূর্ব জোনের গণসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. লোকমান হাকিম জানান।

আটকরা রাখাইন সম্প্রদায়ের লোক হলেও তাদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

এ সময় মাছ ধরার একটি ট্রলার জব্দ এবং তিন লাখ ইয়াবা ও তিনটি ধারাল অস্ত্র পাওয়া গেছে।

কোস্টগার্ড কর্মকর্তা লোকমান বলেন, গভীর সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল ছেঁড়াদ্বীপ এলাকার দক্ষিণ-পূর্ব সাগরে অবস্থান নেয়।

“এসময় জলসীমার শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার দিক থেকে একটি মাছ ধরার ট্রলার আসতে দেখে কোস্টগার্ড সদস্যরার তাদের থামার নির্দেশ দেয়। ট্রলারে থাকা লোকজন তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ছয়জনকে আটক করা হয়।”

পরে ট্রলারে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় তিন লাখ ইয়াবা এবং তিনটি কিরিচ পাওয়া যায় বলে জানান তিনি।