২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলপুরে টেন্ডার খুলতে না দেওয়ার অভিযোগ

ময়মনসিংহের ফুলপুর পৌরসভার মেয়রকে অবরুদ্ধ করে হাটবাজার ইজারার টেন্ডার বক্স খুলতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 12:08 AM

Updated : 19 Aug 2022, 01:40 PM

মেয়র আমিনুল ইসলাম বলেন, গত ৮ ফেব্রুয়ারি আমুয়াকান্দা হাটবাজার ইজারার জন্য ৭৫ লাখ ৪৫ হাজার ৩৭৪ টাকার দরপত্র আহ্বান করে পৌরসভা কার্যালয়।

“মঙ্গলবার বেলা ৩টায় দরপত্রের বাক্স খোলার কথা থাকলেও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানের নেতৃত্বে একদল লোক আমাকে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। তারা টেন্ডার বাক্স খুলতে দেয়নি।”

তবে কেন খুলতে দেওয়া হয়নি সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

পরে টেন্ডার জমা দেওয়া লোকজন চলে গেলে রাত ৮টার দিকে তাকে অবরোধমুক্ত করা হয় বলে তিনি জানান।

এ বিষয়ে কথা বলার জন্য ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি।

দরপত্রে অংশ নেওয়া শরীফুল ইসলাম অভিযোগ করেন, বেলা ৩টায় টেন্ডার বাক্স খোলার কথা থাকলেও এমপির নির্দেশে তা খোলা হয়নি।

“উল্টো মেয়রকে অবরুদ্ধ করে রাখা হয়। এমপি শরীফ আহমেদ আসার পর খোলা হবে বলে শুনেছি।”

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য শরীফ আহমেদের মোবাইল ফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ক্ষুদেবার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।