২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিনটি বাস পাল্লা দিচ্ছিল: প্রত্যক্ষদর্শী

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পড়া বাসটির যাত্রীরা বলেছেন, তিনটি বাস বেপরোয়া গতিতে পাল্লা দিচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 11:29 PM

Updated : 25 Jul 2022, 08:31 PM

জেলার সোনারগাঁ উপজেলার ত্রিবর্দী এলাকায় সোমবার দুপুরে দাঁড়িয়ে থাকা লরিকে একটি বাস ধাক্কা দিলে ১০ জনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হন আরও ২০ জন।

বাসটির যাত্রী দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনটি বাস পাল্লা দিয়ে চালাচ্ছিল। ত্রিবর্দীর কাছাকাছি এসে আমাদের বাসটি লরির পেছনে ধাক্কা দেয়।”

বাসের আহত যাত্রী কুমিল্লার বাসিন্দা অমূল্য কর্মকারও একই অভিযোগ করেন।

তিনি বলেন, “বাসে অনেক যাত্রী ছিলেন। চালক বেপরোয়া গতিতে চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অধিকাংশ যাত্রী আহত হয়েছে।”

দুর্ঘটনায় অমূল্যর স্ত্রীও আহত হয়েছেন। তারা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবদুর রবও বাসচালকের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন।

“দুর্ঘটনায় আমার পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। চালক স্বাভাবিক গতিতে গাড়ি চালালে এ দুর্ঘটনা ঘটত না। দুর্ঘটনার জন্য চালকই সম্পূর্ণভাবে দায়ী।”

বাসের যাত্রী আলমগীর হোসেন তার ছোট ভাইকে নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন।

তিনি বলেন, “কাঁচপুর থেকে ওই বাসে উঠি চট্টগ্রাম যাওয়ার জন্য। আমি চালকের পেছনে দাঁড়িয়ে ছিলাম। চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন।

“কাঁচপুরে একটি রিকশাকে ধাক্কা দেওয়ার পর আমি তাকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে চালানোর পরামর্শ দিয়েছিলাম।”

এ দুর্ঘটনায় তার ভাই নজরুল ইসলাম আহত হয়েছেন বলে তিনি জানান।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোহাম্ম কাইয়ুম বলেন, দুর্ঘটনার পরপরই চালক ও সহকারী পালিয়ে গেছেন। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে।

পুরনো খবর:

নারায়ণগঞ্জে বাস-লরি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০