২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আখক্ষেত থেকে নবজাতক উদ্ধার

রংপুরের পীরগঞ্জ উপজেলায় আখক্ষেতে ফেলে যাওয়া ব্যাগে ভরা একটি নবজাতক উদ্ধার করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 09:14 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

একদল শিয়ালকে ব্যাগটি টানাটানি করতে দেখে উপজেলার দানিশনগর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী নূরী শাহা উদ্ধার করেন।

মিজানুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোরে বাড়ির পাশের আখক্ষেতে শিয়ালের কোলাহল শুনে নূরী এগিয়ে যান।

“চার-পাঁচটা শিয়াল একটা পলিব্যাগ টানাটানি করছিল। মানুষ দেখে শিয়ালগুলো পালিয়ে যায়। তখন পলিব্যাগে ঘুমন্ত মেয়েশিশুটিকে দেখতে পান। নূরী শিশুটিকে বাড়ি নিয়ে আসেন।”

নবজাতকটি শারীরিক প্রতিবন্ধী বলে তিনি জানান।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন, তার বয়স দুই মাস হতে পারে। প্রতিবন্ধী হওয়ায় তাকে বোঝা ভেবে আখক্ষেতে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

দিনমজুর মিজান ও তার স্ত্রী শিশুটিকে নিজেদের সন্তান হিসেবে রাখতে চেয়েছেন জানিয়ে তিনি বলেন, শিশুটির অভিভাবকের খোঁজ না মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।