কুমিল্লায় খালেদার গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবেদনের তারিখ নির্ধারণ
দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাবন্দি খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন নিয়ে পুলিশ প্রতিবেদনের জন্য দিন ঠিক করে দিয়েছে কুমিল্লার একটি আদালত।
তিন বছর আগে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় আটজন নিহতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫৫ জনের বিরুদ্ধে গত ২ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
কুমিল্লার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম জয়নাব বেগম রোববার মামলার ধার্য তারিখে ওই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে ২৪ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
আদালতের আদেশের কপি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশ সুপার এবং আসামিদের সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে কুমিল্লা আদালতের পিপি মোস্তাফিজুর রহমান লিটন জানিয়েছেন।
বিএনপি-জামায়াত জোটের অবরোধের মধ্যে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় আট যাত্রী নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা হয়।
হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। খালেদা জিয়াসহ অপর আসামিরা আদালতে হাজির না হওয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এদিকে জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দি আছেন খালেদা জিয়া।
