খাদেম হত্যা: তিন তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় তিন তদন্ত কর্মকর্তাসহ চারজন সাক্ষ্য দিয়েছেন।
সোমবার রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকারের আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক বাবু সোনা জানান।
এরা হলেন রংপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরমান হোসেন, কাউনিয়া থানার ওসি মামুন অর রশীদ ও কাউনিয়া থানার তৎকালিন এসআই মনোরঞ্জন রায় এবং বিচারিক হাকিম দেবাংশু কুমার সরকার।
তিনি বলেন, মামলাটি প্রথমে কাউনিয়া থানার এসআই মনোরঞ্জন রায় তদন্ত করেন। তিনি বদলি হয়ে গেলে ওসি মামুন অর রশীদ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দেন। কিন্তু বাদীপক্ষের নারাজিতে হাই কোর্টের নির্দেশে মামলাটি পুনর্তদন্ত করে গত বছরের ৩১ ডিসেম্বর আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন রংপুরে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আরমান হোসেন।
“তিন তদন্ত কর্মকর্তা আলাদাভাবে সাক্ষ্য দিলেও তিনজনই আদালতকে জানিয়েছেন, রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রীর নেতৃত্বে জেএমবির ১৩ সদস্য তিন মাস ধরে রংপুর নগরীতে বাসা ভাড়া নিয়ে খাদেমকে হত্যার পরিকল্পনা করে।”
সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।
এ নিয়ে এ মামলায় ৫২ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হল। এছাড়া এক সাক্ষী মারা গেছেন এবং দুজন ভারতে চলে গেছেন। ফলে আদালত এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে দিয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি আসামিদের পরীক্ষার দিন রেখেছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজার শরীফের খাদেম রহমত আলীকে (৬০) গত ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়ি ফেরার সময় এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন।
কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন অর রশীদ গত বছরের ৩ জুলাই জেএমবির রংপুর আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রীসহ ১৪ জেএমবির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের বাদ দিয়ে গত ১৬ অগাস্ট রংপুরের বিশেষ জজ নরেশ চন্দ্র সরকার জেএমবির ১২ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
