ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলার আসামি গ্রেপ্তার
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ফেনীতে তিন বছর আগে করা মামলার এক আসামিকে বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জুয়েল চন্দ্র শীল (৩৫) লক্ষ্মীপুরের রামগতি থানার চরলক্ষ্মী গ্রামের বেজু কুমার শীলের ছেলে।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের (ইমিগ্রেশন) ওসি তরিকুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
“জুয়েলের বিরুদ্ধে ফেনী সদর থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি একটি মামলা রয়েছে। ওই মামলার পর থেকে জুয়েল পলাতক ছিলেন।
জুয়েলকে ধরার জন্য ফেনী থেকে বাংলাদেশের সকল ইমিগ্রেশনকে চিঠি দেয়। সে অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
ফেনী সদর থানার ওসি রাসেদ খান চৌধুরী বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হওয়ার পর থেকে জুয়েল পলাতক ছিল। খোঁজাখুঁজি করে না পেয়ে সকল ইমিগ্রেশনকে এ বিষয়টি জানানো হয়।
জুয়েলকে বেনাপোল পোর্ট থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ ও ফেনীতে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি তরিকুল।
