২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ কোটি টাকা আত্মসাৎ মামলায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের ১৪ কোটি টাকা আত্মসাতের মামলায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2018, 10:16 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

এ ঘটনায় আটক হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর ও অফিস সহায়ক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

এরা হলেন কিশোরগঞ্জ জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর মো. সহিদুজ্জামান ও অফিস সহায়ক মো. দুলাল মিয়া।

কিশোরগঞ্জ জেলায় দায়িত্বপ্রাপ্ত দুদকের আইনজীবী পিপি আব্দুর রহমান জানান, তিনদিনের রিমান্ড শেষে বুধবার বিচারিক হাকিম তছলিমা আক্তারের খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি নেওয়া হয়।   

আব্দুর রহমান বলেন, গত ৬ই ফেব্রুয়ারি অডিটর ও অফিস সহায়ককে হিসাবরক্ষণ কার্যালয় থেকে আটকরা হয়। ১১ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

“চাঞ্চল্যকর এ মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

এর আগে মামলার শুরু থেকে দুদক সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। 

মামলার অভিযোগে বলা হয়, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য কিশোরগঞ্জে কয়েকশ একর ভূমি অধিগ্রহণ করা হয়। এসব ভূমির মালিককে ক্ষতিপূরণের টাকা দেওয়ার সময় জালিয়াতির আশ্রয় নেন কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলাম।

জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দকৃত তহবিল থেকে চেকের মধ্যে সেতাফুল ইসলাম ৫ কোটি টাকা আত্মসাত করেন। এছাড়া ঘটনা জানতে পেরে শেষ মুহূর্তে আত্মসাতের প্রক্রিয়ায় থাকা আরও নয় কোটি টাকার চেক জব্দ করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।

সেতাফুল ইসলাম ঢাকার ডেমরার পূর্ব ডগাইরের মো. দেদার আলী মোল্লার ছেলে।