২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছাত্রদল নেতাকে পেটাল ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের এক নেতাকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2018, 06:52 PM

Updated : 19 Aug 2022, 01:35 PM

রোববার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।

পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা মো. আফফান আলী নামের ওই ছাত্রকে উদ্ধার করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যান। তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আফফান আলী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৩৯তম আবর্তনের শিক্ষার্থী ও শহীদ সালাম-বরকত হলের আবাসিক ছাত্র।

তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শহীদ সালাম-বরকত হলের যুগ্ম আহ্বায়ক। 

শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক বাসুদেব মজুমদার, শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য আসিফ, ছাত্রলীগ কর্মী সাইফুল, মামুন, সুপ্ত, মেহেদী, ইয়াসিন ও জিম মারধরে অংশ নেন বলে তারা নিজেরাই জানান।

আফফান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সার্টিফিকেট তুলতে দুপুরে রসায়ন বিভাগে যাই। সেখান থেকে ছাত্রলীগের ছেলেরা আমাকে ধাওয়া করে এলোপাথারি মারধর করে।”

ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক বাসুদেব মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে ক্যাম্পাসে এর আগে ককটেল হামলা করার ঘটনায় একটা মামলার আসামি। আমরা জানতে পেরেছিলাম সে আজও নাশকতা করতে ককটেল নিয়ে এসেছিল। তাই তাকে মারধর করে তার নাশকতার চেষ্টা বানচাল করি।”

ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদলের ওই নেতা ক্যাম্পাসে ককটেল নিয়ে নাশকতা করতে এসেছিল। তাই ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে প্রতিহত করে।”

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, “মারধরে আফফানের হাতের জয়েন্ট খুলে গেছে। নিরাপত্তা দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চব্বিশ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শাস্তির ব্যবস্থা না করে তাহলে ছাত্রলীগ নেতাকর্মীদের যেখানে পাওয়া যাবে সেখানেই গণধোলাই করা হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।