সিলেটে ২ সাংবাদিককে পিটিয়েছে ছাত্রলীগ
সিলেট নগরীতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হামলায় একটি বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিক আহত হয়েছেন।
শনিবার দুপুরে মির্জাজাঙ্গাল নিম্বাক আশ্রমের ফটকে এ হামলা হয় বলে কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন জানান।
আহতরা হলেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরোর স্টাফ করসপনডেন্ট মাধব কর্মকার ও ভিডিওগ্রাফার গোপাল বর্ধন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিকরা বলেন, দুপুর দেড়টার দিকে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালনের সংবাদ সংগ্রহে যাওয়ার পথে তাদের উপর হামলা করে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা।
তারা জানান, হামলাকারীরা মাধবকে বেধড়ক পিটিয়ে আহত করে। এ সময় তারা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। গোপাল বর্ধনের মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে যায়।
মাধব কর্মকার বলেন, “মদনমোহন কলেজ ছাত্রলীগ ক্যাডার রাজেশ সরকার ও দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোসাদ্দেক হোসেনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।”
হামলার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
কামরান এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, “হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
